দুদিনের বরাক সফরে আসলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রী বরাকে এসে উপস্থিত হওয়ার সাথে সাথে শিলচরে উৎসবমুখর পরিবেশ! কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচর রাঙিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নব নির্মিত মূর্তি এবং এনআইটি বাইপাস পয়েন্টে শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচিত হলো আজ রবিবার।

আজ রবিবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত। বিমানবন্দরে পৌছাতেই বরাকের ২ মন্ত্রী কৌশিক রাই এবং কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, বরাকের বিধায়করা সহ বিজেপির একাধিক নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। বিমানবন্দর থেকে মন্ত্রী চলে যান উধারবন্দে কাণচাকান্তি মন্দির দর্শনে, সেখান থেকে বিকেল সাড়ে ৩টার দিকে মুখ্যমন্ত্রী পৌছান শিলচর রাঙিরখাড়িতে । সেখানে বহু প্রতিক্ষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর নব নির্মিত মূর্তির রিমোট কন্ট্রোলের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন করা হল। এই অনুষ্ঠানকে ঘিরে শিলচর শহরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এই অনুষ্ঠানকে ঘিরে রাঙির খাড়ি পয়েন্টে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় যাতে অনুষ্ঠান চলাকালীন কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে। মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজ এবং গার্ড অব অনার প্রদান করে। তারপর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচর রাঙিরখাড়িতে উন্মোচিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর নব নির্মিত মূর্তি। সেখানে একটি স্মরণিকাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

রাঙিরখাড়িতে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচনের পর মুখ্যমন্ত্রী পৌছান এনআইটি বাইপাস পয়েন্টে। সেখানে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করেন। ২২ ফুট প্যাডেস্টেলের এলাকায় বসানো হয়েছে প্রায় ১০ ফুট উচ্চতার ব্রোঞ্জ নির্মিত শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বরাক উপত্যকার মানুষের উপস্থিতিতে এই ঐতিহাসিক অনুষ্ঠান হয়। শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচনের পর জনসভারও আয়োজন করা হয়। জনসভায় অংশগ্রহণ করে সহস্রাধিক জনতার উদ্দেশ্যে বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

