“ভোট চোর-গদি চোর” শীর্ষক সভা ঘিরে এনএসইউআই-এভিবিপি বিরোধে উত্তেজনা শিলচরে। NSUI-ABVP ছাত্রদের মধ্যে আক্রমণের ঘটনায় উত্তেজনা শিলচরের কাছাড় কলেজ। উভয় শিবিরের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় আহত বেশ কয়েকজন ছাত্র। আহতদের মধ্যে NSUI নেতা চন্দন মজুমদার বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কাছাড় কলেজ কাণ্ডকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলা ঘিরে সরগরম হয়েছে কাছাড় জেলা সদর। ঘটনা ঘিরে থমথমে পরিস্থিতি কাছাড় কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ বাহিনী। হামলাকারিদের গ্রেপ্তারে শিলচর পুলিশকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে NSUI.
ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই-র পক্ষ থেকে ‘ভোট চোর, গদী চোর’ শীৰ্ষক একটি সভা চলাকালীন সময়েই মূলত বাধানুবাদ ঘিরেই দুই শিবির ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এভিবিপির একাংশ সমর্থক অভিযোগিতভাবে দলবদ্ধ ভাবে এনএসইউআই-র নেতা চন্দন মজুমদার সহ একাংশ সদস্যের উপর চড়াও হয় বলে অভিযোগ। এতে আহত হন চন্দন মজুমদার। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকলে খবর যায় পুলিশে। শিলচর সদর পুলিশের বিশাল বাহিনী তড়িঘড়ি কলেজে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশি সহায়তায় আহত চন্দন মজুমদারকে জরুরীকালীন বিভাগে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে ঘিরে কাছাড়ের কংগ্রেস কর্মী মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এদিকে, ছাত্রনেতা চন্দন মজুমদারের উপর অভিযোগিতভাবে আক্রমণের ঘটনায় শিলচর সদর থানায় এজহার দায়ের করা হয়েছে। অভিযোগে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে শিলচর পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছে কাছাড় কংগ্রেস। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কাছাড় জেলাজুড়ে কঠোর কর্মসূচির সতর্কতা দিয়েছেন আনসার বড়লস্কর সহ অন্যান্যরা।
অন্যদিকে, এই ঘটনার সঙ্গে ABVP জড়িত নয় বলে সাফাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যনির্বাহী সদস্য আদিত্য দে। শিলচর সদর থানায় পাল্টা মামলা দায়ের করে কাছাড় কলেজের শৈক্ষিক পরিবেশ নষ্ট করে এনএসইউআই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ এবিভিপির।
