রাত পোহালেই উচ্ছেদ অভিযান চলবে পাথারকান্দি শহর সংলগ্ন এলাকায়। রাত ১২টার মধ্যেই অবৈধ দখল সরানো না হলে শনিবার ভোর থেকে নামবে প্রশাসন।
বিলম্বে হলেও শেষ পর্যন্ত জবর দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট প্রশাসন। শহর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে কয়েক ঘন্টার সময় সীমা বেঁধে নোটিশ জারি করেছেন মহকুমা শাসক তথা সার্কেল অফিসার। রাত পোহালেই অবৈধ দখল সরাতে বুলডোজার চালাবে প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফরের প্রাক মুহূর্তে আজ শুক্রবার মাইকিং করে স্থানীয় প্রশাসনের তরফে দখলমুক্ত করার আহ্বান জানানো হয়েছে পাথারকান্দিতে। স্বেচ্ছায় অবৈধ ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাত বারোটার মধ্যেই ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত না হলে শনিবার সকাল থেকেই প্রশাসনের উচ্ছেদ অভিযান চলবে বলে জানানো হয়েছে পাথারকান্দি সার্কেল প্রশাসনের পক্ষ থেকে।

প্রসঙ্গতঃ পাথারকান্দির ব্যস্ততম শহর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র ফুটপাত ব্যবহার করে সাধারণ পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। এ কারণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত যানজট তৈরি হচ্ছে। আজ সন্ধ্যায় সমজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়েছে, রাত বারোটার মধ্যে অবৈধ দখলকারীরা স্বেচ্ছায় নিজেদের দোকানপাটও রাস্তা থেকে সরিয়ে নেন। অন্যথায়, প্রশাসন পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উচ্ছেদ অভিযান চালাবে। আগামী সোমবার পাথারকান্দিতে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সফরের আগেই জঞ্জাল মুক্ত করতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে কো-ডিস্ট্রিক্ট প্রশাসন।
উল্লেখ্য, পাথারকান্দির ভয়াবহ যানজটের অন্যতম কারণ হলো ফুটপাতের অবৈধ ব্যবহার, যা দীর্ঘদিন ধরে স্থানীয়রা উল্লেখ করছেন। ক্রমেই কিছু জায়গায় ফুটপাত এবং সরকারি জমিতে অনুমতিবিহীন বসতি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সাধারণ জনগণ এবং স্কুল-কলেজ পড়ুয়াদের প্রতিদিনই চলাচলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শহরের উত্তর থেকে দক্ষিণ রেলওয়ে গেট পর্যন্ত ফুটপাতে চলাচল করা এখন দুষ্কর হয়ে পড়েছে। এর ফলে পথচারীরা রাজপথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এবং যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
