বরাক উপত্যকার ৯টি উপ-ডাকঘরকে আচমকা অন্যান্য ডাক ঘরের সাথে যুক্ত করার সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়ায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। কাছাড়ের ৪টি ডাকঘর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।গত ৩দিন ধরে শিলচর দেওয়ানজী বাজার উপ ডাকঘর বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেওয়ানজী বাজার এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে জেলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপি প্রদান করে ডাক ঘরটি পুনঃস্থাপনের দাবি জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান,দেওয়ানজী বাজার উপ ডাকঘরে প্রায় ২৫ হাজার একাউন্ট রয়েছে।এলাকাটি বাজার কেন্দ্রীক বলে ডাক বিভাগের ব্যবসা খুব ভালোই চলছিল।এবং দেওয়ানজী বাজার উপ ডাক ঘরটি দুবার করে বিজনেস অ্যাওয়ার্ড ও পেয়েছে।কিন্তু হঠাৎ করে এই ডাক ঘরটি অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা করায় এদতঞ্চলের জনসাধারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়দের আগাম কিছু না জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সীল ও সিগনেচার ছাড়াই সাদা  কাগজে নোটিশ লিখে দেওয়ানজী বাজার উপ ডাক ঘরে টাঙ্গানো হয়েছে। ফলে আদৌ উপ ডাক ঘরটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কি না,সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।তবে বুধবার সকালে এলাকার জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করে এলাকার উপ ডাক ঘরটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন। যদি তাঁদের এই দাবি পূরণ না হয়, তাহলে আগামীতে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *