পাথারকান্দির সলগইয়ে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া তেলের ট্যাঙ্কারের গতির জেরে দুর্ঘটনাগ্রস্থ মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। সলগই বাজারে সংঘটিত ট্যাঙ্কার-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরতর জখম পাঁচজন। দুমড়ে-মুচড়ে গেছে অ্যাম্বুলেন্স, জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় অ্যাম্বুলেন্স চালককে। আহতরা চিকিৎসাধিন হাসপাতালে, পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক।

শনিবার রাত ১১টা নাগাদ বাজারিছড়া থানাধিন সলগই বাজার এলাকার ৮নং জাতীয় সড়কের হাতাইছড়া সেতুর পাশে সংঘটিত হয় ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন পাঁচ ব্যক্তি। জানা গেছে, উল্লেখিত সময়ে ত্রিপরার রাজধানী আগরতলা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ পাথারকান্দির চাঁন্দখিরায় পৌছে দেবার পথে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ বহনকারি বাহনটি সলগই বাজার এলাকায় পৌছে বিপরীতগামি একটি ওয়েল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ ঘটলে সড়কের বাম পাশে ছিটকে পড়ে। এতে আহত হন অ্যাম্বুলেন্স চালক সহ মরদেহের স্বজনরা। অ্যাম্বুলেন্সের চালক দুর্ঘটনায় ফেঁসে যান নিজ আসনেই। পরে তাকে স্থানীয়রা জেসিবির সাহায্যে দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয়।

আহতদের প্রাথমিক অবস্থায় পাথারকান্দি হাসপাতাল এবং পরে সেখান থেকে জেলা অসামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানানগেছে। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্তে নেমে সড়কে আটকে পড়া যানবাহন গুলোর চলাচল স্বাভাবিক করে দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাহন দুটি নিজেদের জিম্মায় নিয়েছে। অ্যাম্বুলেন্সে বহন করা মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায় নি ।

